বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।

শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে ওই ভারতীয় নাগরিক বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন।

আটক ভারতীয় নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।

স্থানীয়দের ভাষ্য, শনিবার সকালে কাঁটাতারের ওপাশে একটি চা-বাগানে কাজ করার সময় ভুলবশত দীপঙ্কর বাংলাদেশ অংশে প্রবেশ করেন। পরে স্থানীয়রা তাকে আটক করেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক, কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। তিনি দাবি করেন, তার বাবাকে ফেরত না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর না করা হোক।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে দ্রুত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।




Previous Post Next Post